বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার অবদান স্মরণ

‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ শিরোনামে গতকাল সোমবার পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শেখ ফজিলাতুন নেছা মুজিবের অবদানের কথা উল্লেখ করে আলোচনা, বিশেষ দোয়া মাহফিল, প্রার্থনা, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আর্থিক অনুদান, সেলাই মেশিন বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান, বৃক্ষরোপণ, কেক কাটা ইত্যাদি। প্রতিনিধিদের পাঠানো খবর :

ময়মনসিংহ : দুপুরে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (মহিলা) হলরুমে আলোচনায় অংশ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, উপাধ্যক্ষ রেজাউল হক, শিক্ষক পরিষদের সম্পাদক আশীষ চন্দ্র মিত্র, সহকারী অধ্যাপক হাসিনা মমতাজ প্রমুখ। সভাপতিত্ব করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।

এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়ে ওঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি জাতির পিতাকে সবসময় পরামর্শ, শক্তি, সাহস ও প্রেরণা জুগিয়েছেন।

গাজীপুর : মহানগর যুবলীগের উদ্যোগে সকালে গাজীপুরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, যুগ্ম আহ্বায়ক এসএম আলমগীর হোসেন প্রমুখ।

গোপালগঞ্জ : সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ফটোগ্যালারি উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিধি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এছাড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কু-ু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন প্রমুখ।

পঞ্চগড় : সকালে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী এবং জেলা আওয়ামী লীগ, পঞ্চগড় পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।

বাগেরহাট : সকালে রেল রোডের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা হয়।

টাঙ্গাইল : দুপুরে শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয়ে রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি। উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন।

মির্জাপুর (টাঙ্গাইল) : জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) : প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। পরে সেলাই মেশিন বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সেলাই মেশিন বিতরণ ও দুস্থ নারীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রমুখ।

বাগাতিপাড়া (নাটোর) : স্মৃতিচারণ ও আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। পরে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

মিরসরাই (চট্টগ্রাম) : নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।