‘মাসুদ রানা’ ও ‘কুয়াশা’ সিরিজ

আপিলের অনুমতি আনোয়ার হোসেনের উত্তরাধিকারীদের

সেবা প্রকাশনীর গোয়েন্দা রহস্য উপন্যাস ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বই এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমকে স্বত্ব দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন কাজী আনোয়ার হোসেনের উত্তরাধিকারীরা। একই সঙ্গে এ দুই সিরিজের বই বিক্রিতে স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কাজী আনোয়ার হোসেনের দুই ছেলে ও নাতনির করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও এবিএম হামিদুল মিজবাহ। রেজিস্ট্রার অব কপিরাইটসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

অ্যাডভোকেট খুরশীদ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘লিভ টু আপিল মঞ্জুর করে দুই সিরিজের বই বিক্রিতে স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। আর কপিরাইট অফিসের যে সিদ্ধান্ত ছিল সেটি স্থগিত করেছেন আদালত।’

হামিদুল মিজবাহ দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। এখন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ দুই সিরিজের বই বিক্রির বিষয়ে স্থিতাবস্থা থাকবে।’ ২০২০ সালের ২৯ জুলাই ‘মাসুদ রানা’ এবং ‘কুয়াশা’ সিরিজের ৩১০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ দেন শেখ আবদুল হাকিম।