কাতার থেকে ১৮টি আরবীয় ঘোড়া পেল সেনাবাহিনী

কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার পেয়েছে। গতকাল সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঘোড়াগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কাতার সশস্ত্র বাহিনীকে ১০টি চিত্রা হরিণ দেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উপহার বিনিময় দুই দেশের সম্পর্কের উন্নতির প্রতিফলন, যা পেশাগত ক্ষেত্রে উভয় দেশের ভবিষ্যৎ যোগাযোগকে আরও নিবিড় ও সুদৃঢ় করবে।

কাতার সশস্ত্র বাহিনীর পাঠানো ঘোড়াগুলো একটি বিশেষ বিমানে বিকেল সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে টারমাকে এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল খালেদ-আল-মামুন এবং কাতার সশস্ত্র বাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ আল সুলাইতি উপহার গ্রহণ করেন। আইএসপিআরের বিজ্ঞপিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীপ্রধানের আমন্ত্রণে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকিল আল-নাবেত গত ৬-৮ জুন বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর রণপ্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ, বিশ^ শান্তিতে ভূমিকা ও সামগ্রিক উচ্চমানের ভূয়সী প্রশংসা করেন।