স্থানীয়দের হামলায় বশেমুরবিপ্রবির ৩ শিক্ষার্থী আহত

পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন যুবকের হামলায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষাবর্ষের নিশান, মিঠু ও জনি।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বহিরাগতদের দ্বারা বশেমুরবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

ভুক্তভোগী আহত শিক্ষার্থীরা জানান, গত রবিবার গোপালগঞ্জের গোবরা এলাকার ইমন আব্দুল্লাহসহ কয়েকজনের সঙ্গে ওই তিন শিক্ষার্থীর মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।

এরই জেরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ইমনসহ আরও কয়েকজন ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প দিয়ে তাদের বেধড়ক মারধর করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন ও গোপালগঞ্জ সদর থানার ওসি নাসির উদ্দিন আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান।

প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি ওনারা প্রাথমিকভাবে রাতে দুইজনকে আটক করেছে। তারা থানা-হাজতে আছে। বিশ্ববিদ্যালয়ের ‘ল সেল’কে তথ্য সরবরাহ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

 ওসি মো. নাসির উদ্দীন বলেন, আহত শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।