উলিপুরে ওষুধ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের থানা মোড়ের ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনকে (২৬) দিনদুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

বুধবার সকাল ১১টায় উলিপুর বণিক সমিতির উদ্যোগে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উলিপুরে এমন প্রকাশ্যে সন্ত্রাসী ঘটনা আগে কখনো ঘটেনি। আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পুলিশ আসামি গ্রেপ্তারে ব্যর্থ হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

এ সময় বণিক সমিতির সদস্য লক্ষণ সেনগুপ্ত'র সঞ্চালনায় বক্তব্য রাখেন- উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন মন্ডল দুলু, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কার্যকরী সদস্য স.ম আল মামুন সবুজ, আব্দুল মান্নান, ইকবাল হোসেন চাঁদ প্রমুখ।

এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, আসামি চিহ্নিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে পাওয়া গেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উলিপুর থানা মোড় হেলথ কেয়ার মেডিসিন কর্নারের মালিক আলমগীর হোসেন পার্শ্ববর্তী গিনি ফার্মেসিতে ওষুধ নিতে গেলে মো. মাসুদ ওরফে মাসুদ রানা (৩৫) পেছন থেকে চাপাতী দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আলমগীরের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে অভিযুক্ত হায়াৎ খাঁ কুড়ার পাড় গ্রামের আসাদ আলীর ছেলে মাসুদ রানাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।