আন্তর্জাতিক রোটারি প্রেসিডেন্ট জেনিফার জোনস যুদ্ধ বন্ধ করে শান্তিময় পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন।
রোটারি ইন্টারন্যাশনালের প্রথম মহিলা প্রেসিডেন্ট জেনিফার মঙ্গলবার ঢাকার শের-ই-বাংলা নগরের বিআইসিসি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান।
পিপি সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রোটারি বাংলাদেশ জেলা-৩২৮১ এর গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, সাবেক গভর্নর ড. মীর আনিসুজ্জামান, খায়রুল আলম, গভর্নর (নির্বাচিত) আশরাফুজ্জামান নান্নু, গভর্নর (নমিনি) ইবরাহীম খলিল আল জায়েদ পিনাক, জেলা সেক্রেটারি আরিফ জেবতিক, শাহেদ সিদ্দিক প্রমুখ। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্যবৃন্দ এবং সারা দেশ থেকে আগত রোটারি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রোটারি প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। যুদ্ধ এবং সংঘাতের ফলে বিশ্বে বাস্তুহারা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুর্ভিক্ষে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষ মারা যাচ্ছে। এই অবস্থার অবসান হওয়া উচিত।
জেনিফার জোনস বলেন, সারা বিশ্বের ১৩ লাখ রোটারিয়ান এবং ২ কোটি স্বেচ্ছাসেবী আর্ত মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বিশ্বের বৃহত্তম রোটারি জেলা বাংলাদেশ রোটারির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।
জেনিফার জোনস তিন দিনের বাংলাদেশ সফর কালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেন এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিশেষ মেডিকেল ইউনিট পরিদর্শন করেন।