পরীর জায়গায় আমি হলে 'রাজ্য' নয়, নাম রাখতাম 'পরমানন্দ'

মা হয়েছেন হালের জনপ্রিয় নায়িকা পরীমণি। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি ও তাঁর সদ্য ভূমিষ্ঠ সন্তানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, পরীমণি হাসপাতালের শয্যায় শায়িত এবং তাঁর বুকের ওপর পরম নিশ্চিন্তে শুয়ে আছে সন্তান।

নিজের সন্তানের সঙ্গে পরীমণির এমন ছবি দেওয়াকে দারুণ পছন্দ করেছেন তসলিমা নাসরিন। নিজের ভেরিফায়েড আইডিতে তিনি এ নিয়ে একটি লেখা লিখেছেন। তবে শুধু প্রশংসাই নয়, নিজের সন্তান হলে কী নাম রাখতেন তা-ও বলেছেন তিনি।

তসলিমা লেখেন, 'সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না, তখন, হয়তো সেটা কয়েক বছর পর, দেখাবে।'

তিনি আরো লেখেন, 'পরীমণি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।'

তসলিমা লেখেন, 'তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তাঁর নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে 'রাজ্য' নয়, ডাকনাম রাখতাম   'পরমানন্দ'। ভালো নাম 'শাহীম মুহাম্মদ' নয়, রাখতাম 'পরমানন্দ প্রাণ'।'