দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ সেই ইউপি সদস্যের মৃত্যু

বরগুনার বেতাগীতে মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ফারুক আহমেদ শামীম (৩৩) নামের ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত শামীম উপজেলার সড়িষামুরি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। 

গত মঙ্গলবার (০৯ আগস্ট) রাত ২টার দিকে নিজ ঘরে লাগা আগুনে গুরুতর দগ্ধ হন তিনি ও তার স্ত্রী সুচি আক্তার। গুরুতর অবস্থায় বুধবার (১০ আগস্ট) সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে হঠাৎ ইউপি সদস্য শামীম খানের টিনসেট ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় তারা ঘরের মধ্য থেকে ইউপি সদস্য শামীম ও তার স্ত্রীকে উদ্ধার করে বাহিরে নিয়ে আসেন। আগুনে ঘরে থাকা ফ্রিজ, টিভি, ও আসবাবপত্র পুড়ে যায়। তবে শামীমের স্বজনদের দাবি তাকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

সরিষামুড়ড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন, ইউপি সদস্য শামীম খানকে হত্যার জন্য দুর্বৃত্তরা তার ঘরে আগুন ধরিয়ে দিতে পারে। ঘরে আগুন লাগার পর বাচ্চা ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে শামীম গুরুতর অগ্নিদগ্ধ হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, উপজেলার সড়িষামুরি ইউনিয়নে অগ্নিদগ্ধ ইউপি সদস্য ফারুক আহমেদ শামীম বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ করেনি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘরের দরজার নিচ থেকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হতে পারে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।