জাতীয় শোক দিবস

অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ আইজিপির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সারা দেশে আয়োজিত সব অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ইউনিটের প্রধানদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন আইজিপি। এই সময় ইউনিটপ্রধান সব মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের এই নির্দেশনা দেন আইজিপি।

বেনজীর আহমেদ বলেন, শোক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকদের চলাচল ও অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। অনুষ্ঠানে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।