প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক্সপ্রেসওয়ের পাশে নেতাকর্মীরা

পদ্মা সেতু হয়ে সড়কপথে ব্যক্তিগত সফরে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সোয়া ৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়।

এদিকে তাকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।

সকাল থেকেই শিবচর উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীরা সড়কের বিভিন্ন অংশে আসতে শুরু করেন। পদ্মা সেতুর জাজিরা থেকে শিবচরের দত্তপাড়া এলাকা পর্যন্ত সড়কের পাশে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যানবাহন ও সাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।

শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়া যাচ্ছেন। তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।

শিবচর উপজেলা যুবলীগের দফতর সম্পাদক আজিজুল হক বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের যাত্রাকালে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সকাল সাড়ে ৭টা থেকে আমরা এখানে অবস্থান করছি।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেই ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।