রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই আরোহী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদুল ইসলাম বলেন, বিমানবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে ফার্মগেটে আসছিল অটোরিকশাটি। বনানী এলাকার সড়কে কোনো একটি যানবাহনের সঙ্গে অটোরিকশাটি সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত মালতি রানী ও বিশ্বজিৎ হাসপাতালে চিকিৎসাধীন।