এটিএম বুথে ঢুকে ব্যবসায়ীকে খুন, ছিনতাইকারী আটক

রাজধানীর উত্তরায় এটিএম বুথ থেকে টাকা তোলার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরিফ উল্লাহ (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে ওই ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করেছেন নিরাপত্তাপ্রহরী।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। 

নিহত ব্যবসায়ী টঙ্গী এলাকায় টাইলসের ব্যবসা করতেন।

ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন শরিফ উল্লাহ। এসময় মো. সামাদ নামে এক ছিনতাইকারী বুথের ভেতরে তার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শরিফ উল্লাহ বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন । এতে বুথের ভেতরেই অচেতন হয়ে পড়েন শরিফ।  

পরে পুলিশ তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সময় এক পর্যায়ে ওই বুথের সিকিউরিটি গার্ড ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়। রক্তাক্ত ছোরাটি জব্দ করা হয়েছে।