সিঙ্গাইরে কৃষকের পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মানিকগঞ্জের সিঙ্গাইরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক বিঘা জমির পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিঙ্গাইর থানার পুলিশ।

গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাজারের উত্তর পাশে ভূমদক্ষিণ কবরস্থানসংলগ্ন নয়াপাড়া গ্রামের হোসেন আলী ব্যাপারীর সোয়া দুই বিঘা পেঁপেবাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

গতকাল শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক হোসেন আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি পনেরো বছর যাবৎ এ জমিটি বর্গাচাষ করে আসছেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জমিতে এসে দেখেন কে বা কারা তার সোয়া দুই বিঘা জমির ফলসহ প্রায় ১৭৫-১৮০ পেঁপেগাছ কেটে ফেলেছে। গাছগুলোতে প্রায় দেড় লাখ টাকার পেঁপে ছিল। কিছুদিন আগেও একই জমির অর্ধলাখ টাকার প্রায় ২০ মণ বীজ উৎপাদনকারী পেঁপে কেটে নষ্ট করে দুর্বৃত্তরা। এই জমির পেঁপে চাষে তার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার সাথে কারও শত্রুতা নেই। কে বা কারা এ কাজটি করেছে জানি না।’ তিনি এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) প্রতিমা বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অধিকতর তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’