তুরস্কের অন্যতম শীর্ষ মারমারা ইউনিভার্সিটির সাথে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের চলমান আন্তর্জাতিক ক্রেডিট মবিলিটি প্রোগ্রাম অংশ হিসেবে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বনানী স্টার টাওয়ারস্থ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি হলে এই সেমিনারের আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৩ সাল পর্যন্ত মারমারা বিশ্ববিদ্যালয় ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের এই প্রোগ্রাম চলবে। এই ক্রেডিট মবিলিটি প্রোগ্রামের আওতায় সম্প্রতি তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মুহাম্মেদ উজানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সাতদিনব্যাপী কর্মশালায় অংশ নেন।
সাতদিনব্যাপী কর্মশালার সারাংশ তুলে ধরতে শেষদিনে হয় এই বিশেষ সেমিনার। 'প্রচলিত ও প্রযুক্তিগত টেক্সটাইল শিল্পের জন্য টেকসই কাঁচামালের উন্নয়ন' শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ তুলে ধরেন মারমারা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মুহাম্মেদ উজান। তিনি তার প্রেজেন্টেশনে, আগামীর টেক্সটাইল শিল্পের জন্য উপযোগী বেশকিছু টেকসই কাঁচামাল নিয়ে আলোচনা করেন এবং আগামী কোন ধরনের কাঁচামালের চাহিদা বাড়তে পারে তার একটি গবেষণাধর্মী চিত্র তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্বদ্যিালয়ের চিফ অ্যাডভাইজর কমডোর (অব.) জোবায়ের আহমেদ, এনডিসি, বিএন। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ।
সেমিনার শেষে তুরস্কের মারমারা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মেদ উজানের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই ক্রেডিট মবিলিটি প্রোগ্রামের অধীনে অতি শিগগিরি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে দুই মাস অধ্যয়নের সুযোগ পাবেন এবং দুইজন শিক্ষক পাচ্ছেন উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ।