রাজধানীর শ্যামলীতে থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন।
শনিবার (১৩ আগস্ট) ভোরে মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- থেমে থাকা ট্রাকচালকের সহকারী রনি (৩৭) ও ধাক্কা দেওয়া ট্রাকের চালক রাজু। এ সময় থেমে থাকা ট্রাকের চালকও গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম।
তিনি জানান, ভোরে আন্তজেলায় চলাচলকারী একটি ট্রাকের চাকা শ্যামলী এলাকায় ফেটে যায়। পরে ট্রাকচালকের সহকারী চাকার ত্রুটি সারানোর চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে অন্য ট্রাকের ধাক্কায় দুই ট্রাকেরই চালক এবং থেমে থাকা ট্রাকের চালকের সহকারী গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ধাক্কা দেওয়া ট্রাকের চালক রাজুকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থেমে থাকা ট্রাকচালকের সহকারী রনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।