নওগাঁয় প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত

জেলার মহাদেবপুর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডার ভেঙে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে নওহাটা মোড়ের দক্ষিণ পাশে খোর্দ্দনারায়ণপুর লাটাহার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার গ্রামের ইট ব্যবসায়ী মো. আব্দুল খালেকের ছেলে শিমুল (৩০) এবং স্ত্রী জিনিয়া (২৫)। নিহত জিনিয়া অন্তঃসত্ত্বা ছিলেন।

মহাদেবপুর থানার ওসি আযম উদ্দিন মাহমুদ জানান, আজ শনিবার বেলা ১২টার দিকে শিমুল তার স্ত্রী জিনিয়াকে সঙ্গে নিয়ে নিজস্ব প্রাইভেটকারযোগে মান্দা থেকে নওগাঁ সদরের দিকে যাচ্ছিলেন।

এ সময় শিমুল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পথিমধ্যে খোর্দ্দনারায়ণপুর লাটাহার ব্রিজে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডার ভেঙে সড়কের পাশের গভীর খাদে পড়ে তলিয়ে যায়।

এ ঘটনার পরপরই স্থানীয় জনগণ এবং নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা শিমুল ও তার স্ত্রী জিনিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।