আজ ১৩ আগস্ট। বলিউডের প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৯ বছর। ২০১৮ সালের মৃত্যু আগের বছরও 'মম' নামে এতটি ছবি করেছিলেন তিনি। অসংখ্য সুপারহিট ছবির এই নায়িকার জীবনের উল্লেখযোগ্য নানা ঘটনা নিয়ে জি নিউজের বাংলা সংস্করণ একটি ফটো স্টোরি প্রকাশ করেছে। পাঠকদের জন্য তার চুম্বক অংশ প্রকাশ করা হলো।
একসময় বলিউডে শ্রীদেবীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেম নিয়ে বেশ আলোচনা ছিল। তারা গোপনে বিয়েও করেছিলেন- এমনটিও শোনা যেত। অনেকেই বলেন, মিঠুন চক্রবর্তী স্ত্রী যোগিতা বালির সঙ্গে বিবাহ বিচ্ছেদে রাজি হননি বলেই শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। আর মিঠুনের সঙ্গে দূরত্ব তৈরির সঙ্গে সঙ্গেই শ্রীদেবীর জীবনে ঢুকে পড়েন বনি কাপুর।
শোনা যায়, প্রথমে বনি কাপুরের প্রথম স্ত্রী মোনার ভালো বন্ধু ছিলেন শ্রীদেবী। বনি কাপুরকে দাদা বলতেন শ্রী। এমনকি একসময় তার ভালোবাসার মানুষ মিঠুন চক্রবর্তীর কথায়, বনির হাতে রাখিও বেঁধে ছিলেন শ্রীদেবী। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের পর বনি নাকি শ্রীদেবীর মাকে রাজি করিয়ে তাকে তার বাড়িতে নিয়ে যান।
সালটা ১৯৯৩, বনি কাপুর যখন প্রথম তাকে প্রেম নিবেদন করেছিলেন, তখন সে প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীদেবী। পরে বিভিন্ন সমস্যায় শ্রীদেবী পাশে পান বনিকে। শোনা যায়, অভিনেত্রীর মায়ের বড় অঙ্কের ঋণ পরিশোধ করেন বনি, আবার তাঁর মা অসুস্থ হলেও আমেরিকাতে চিকিৎসার জন্যও নিয়ে যান বনি। এভাবেই ধীরে ধীরে শ্রীদেবীর মনের কাছাকাছি চলে আসেন তিনি।
শ্রীদেবীর সঙ্গে বনির সম্পর্ক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মোনা শৌরি বলেছিলেন, 'আমার থেকে ১০ বছরের বড় ছিল বনি। ওকে যখন আমি বিয়ে করি, তখন আমার বয়স ১৩, আক্ষরিক অর্থেই আমি ওর সঙ্গে বড় হয়েছি। যখন বুঝলাম, বনি শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তখন আমার আর কিছুই করার ছিল না।'
শোনা যায়, শ্রীদেবীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ভেঙে পড়েছিলেন বনির প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুর। মেয়ের কষ্ট দেখে মোনার মা নাকি শ্রীদেবীর গায়ে হাত তুলেছিলেন বলেও শোনা যায়। মোনা শৌরি বনিকে কোনোদিনই ডিভোর্স দেননি। ২০১২ সালে ক্যানসারে মৃত্যু হয় মোনার।
৮ বছরের ছোট শ্রীদেবীকে ১৯৯৬-এর ২ জুন মন্দিরে গিয়ে বিয়ে করেন বনি কাপুর। শোনা যায়, এই বিয়ের পর বনিকে প্রথম পক্ষের স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বলেন শ্রীদেবী। সে সময় থেকেই প্রথমা স্ত্রী মোনা সিং ও দুই সন্তান অর্জুন, অংশুলার থেকে আলাদাই থাকতেন বনি।
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। ১৯৯৭-এর ৬ মার্চ জন্ম হয় শ্রীদেবী ও বনির সন্তান জাহ্নবীর। পরে দ্বিতীয় সন্তান খুশি কাপুরের জন্ম দেন শ্রীদেবী।
২৪ ফেব্রুয়ারি, ২০১৮। বলিউডের ইতিহাসের কালো দিন। দুবাই-এর পাঁচতারা হোটেলের বাথটাবে 'চাঁদনি' দেহ উদ্ধারের খবর পাওয়া যায়। জীবনের কঠিন পরিস্থিতিতে পুরনো রাগ, মান, অভিমান ভুলে সেদিন বাবা বনি কাপুর এবং দুই সৎবোন জাহ্নবী এবং খুশির পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর। সূত্র : ২৪ ঘণ্টা