১ বছর সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নারায়ণগঞ্জে এক বছরের সাজা এড়াতে ৯ বছর ধরে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আমিন মিয়া নামে এক ব্যক্তির। অবশেষে শুক্রবার (১২ আগস্ট) রাতে তাকে ফতুল্লার লামাপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আমিন ফতুল্লা মডেল থানার লামাপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানায়, দস্যুতা ও মারামারির ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা ২০০৪ সালের একটি মামলায় সিনিয়র চিফ জুডিয়াসাল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত ২০১৩ সালে আমিনকে এক বছরের কারাদণ্ড দেন। তার অনুপস্থিতেই এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে থেকেই সে পলাতক ছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, রায় ঘোষণার ৯ বছর পর শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।