ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামনে দুটি বিকল্প খোলা আছে বলে মনে করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
গত শুক্রবার রুশ সাংবাদিক নাদানা ফ্রিডরিখসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ‘আমি মনে করি এখন তার সামনে দুটি পথ খোলা আছেÑ ১) তিনি তার পুরনো কমেডি শোর মঞ্চে ফিরে গিয়ে পুনরায় তার অভিনয় ক্যারিয়ারের দিকে মন দিতে পারেন অথবা ২) তিনি সামরিক আদালতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন।’ রাশিয়ার নাগরিকরা যেন ইউরোপের কোনো দেশে ঢুকতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েক দিন আগে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। সেই আহ্বানের পর মেদভেদেভ জেলেনস্কিকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।