তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লোকেশ রাহুলের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরে গেছে ভারতীয় দল। সেই দলে রাহুল দ্রাবিড়ের জায়গায় কোচ হিসেবে গেছেন ভিভিএস লক্ষ্মণ। প্রথমে অবশ্য শিখর ধাওয়ানের নেতৃত্বে খেলার কথা ছিল। কিন্তু লোকেশ রাহুল সুস্থ হয়ে ওঠায় তিনি নেতৃত্বে দেবেন। এদিকে দ্রাবিড়ের পরিবর্তে লক্ষ্মণকে কোচের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে শুক্রবার বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘জিম্বাবুয়েতে ভারতীয় দলের কোচ হিসেবে লক্ষ্মণকে পাঠানোর মানে এই নয় যে রাহুল দ্রাবিড়কে বিশ্রামে রাখা হচ্ছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ শেষ হচ্ছে ২২ আগস্ট। পরের দিন ভারতীয় দলের সঙ্গে আরব আমিরাতে যাচ্ছে দ্রাবিড়। দুটি প্রতিযোগিতার মধ্যে সময় কম। তাই লক্ষ্মণকে কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৮ আগস্ট প্রথম এক দিনের ম্যাচ খেলবে ভারত। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২০ ও ২২ আগস্ট।