শিশুটিকে কোলে নিয়ে দৌড়ে পালালেন বোরকা পরা নারী

তিন দিন ধরে চোখের আড়ালে আড়াই বছরের সন্তান। বাবা-মায়ের আহাজাড়িতে ভারী রাজধানীর মহাখালীর সাততলা এলাকা।

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু ইব্রাহিম। ইব্রাহিম ওই এলাকার মো. রানার সন্তান।

অনেক খোঁজাখুঁজির পর মসজিদের সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যায়, শিশুটিকে নিয়ে নীল রঙের বোরকা পরা এক নারী তড়িঘড়ি করে দৌড়ে যাচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, দৌড়ে গিয়ে একটি রিকশায় উঠছেন ওই নারী।

এলাকাবাসীর দাবী, বেশ কিছু দিন ধরে মসজিদের সামনে ভিক্ষা করতেন ওই নারী। 

শিশুটি নিখোঁজ হওয়ার কিছু দিন আগেও ওই নারীকে শিশুটির দাদার বাড়ির সামনেও ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে জানিয়েছেন শিশুটির মা রেশমা।

অভিযুক্ত নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বনানী থানার উপপরিদর্শক আব্দুল হক আব্বাছি। তিনি বলেন, মামলার তদন্ত চলমান। আমরা চেষ্টা করছি আসামিকে গ্রেপ্তার করার আর বাচ্চাটিকে উদ্ধার করার।