বিতর্কিত চুক্তি থেকে শুরু করে গতকালের উড়ন্ত চুম্বন। মাঝে কতকিছুই না ঘটে গেল। সবশেষে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে চূড়ান্ত হলেন সাকিব আল হাসান। দায়িত্ব পেয়েছেন আগামী বিশ্বকাপ পর্যন্ত। শেষ হয়েছে দল ঘোষণাও। তবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে টানা সফর শেষে টাইগাররা এখন বিশ্রামে। ছুটিতে আছেন কোচরাও। আগামী শুক্রবারের আগে তাই শুরু হচ্ছে না এশিয়া কাপ দলের প্রস্তুতিও। তবে অধিনায়ক সাকিব যেন আগে থেকেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। আজ রবিবার সকাল থেকেই মিরপুরের একাডেমি মাঠে করেছেন অনুশীলনও।
এশিয়া কাপ থেকে শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট থেকে। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ অ্যালান ডোনাল্ডসহ প্রায় সব বিদেশি কোচ নিজ নিজ দেশে ফিরে গেছেন। তারা এখন ছুটিতে আছেন। বিসিবির উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্র জানিয়েছে, কোচরা ছুটি কাটিয়ে বাংলাদেশে আসবেন আগামী শুক্রবার (১৯ আগস্ট)। কাজেই এর আগে আর কোনোরকম আনুষ্ঠানিক প্র্যাকটিস সেশনের সম্ভাবনা নেই।
সকালে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জান্নু বলেন, ‘১৯ তারিখের আগে অফিসিয়াল প্র্যাকটিস সেশনের কোনো সম্ভাবনা নেই। তবে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন হতেই পারে। কেউ যদি নিজের মত করে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং ও স্কিল ট্রেনিং করতে চায় করবে। তাতে কোন অসুবিধা নেই।’
প্রধান নির্বাচক আরও যোগ করে বলেন, ‘ছেলেরা খেলার ভেতরেই আছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই চলছে টানা অনুশীলন ও খেলা। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে মাত্র ৪ দিন বিরতির পর জাতীয় দল গিয়েছে জিম্বাবুয়ে। দেশে ফিরে আবার এশিয়া কাপের মতো বড় আসর। স্বাভাবিকভাবেই তাদের বিশ্রামও প্রয়োজন।’
তবে জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে ছিলেন না সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজেও ওয়ানডে সিরিজ না খেলেই ছুটি নিয়েছিলেন তিনি। ফলে প্রায় এক মাসের বেশি সময় ধরে খেলার বাইরে রয়েছেন সাকিব। তাই দলীয় অনুশীলন না থাকলেও আজ মাঠে গিয়েছিলেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সকাল ১০টার আশপাশে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে প্রথম জিম সেশন ও পরে রানিং সেশন করেছেন সাকিব। দলের বাকিরা খেলার মধ্যে থাকলেও, তিনি ছুটিতে থাকার কারণে এশিয়া কাপ শুরুর আগেই নিজেকে সেরা অবস্থায় নিয়ে যেতেই মূলত সাকিবের এই তোড়জোড়।
এদিকে জানা গেছে, আগামী ২২-২৩ আগস্ট আরব আমিরাত যাবে টিম বাংলাদেশ। নতুন টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে অংশ নিবে এবারের আসরে। আগামী ৩০ আগস্ট শারাজায় আফগানিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে সাকিবের দল। এরপর ১ সেপ্টেম্বর দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।