ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যু

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২। রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তার একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে।

ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হয় রাকেশকে। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনোই ভুল করতেন না।

কয়েক দিন আগে তিনি একটি জুতা সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। এক দিনে তিনি লাভ করেন ২২১ কোটি টাকা। কয়েকদিন আগেই আকাশে ওড়ে তারই পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ এবং সম্পত্তির পরিমাণের জন্য তাকে বলা হত ভারতের ‘ওয়ারেন বাফেট’। মহামারীর সময় যখন বিশ্বের বেশিরভাগ সংস্থার লোকসান হচ্ছে, তখনও রাকেশের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল।

১৯৮৫ সালে স্টক মার্কেটে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন রাকেশ। ২০১৮ সালের সেপ্টেম্বরে টাকার অঙ্কটা বেড়ে হয় ১১ হাজার কোটি টাকা।

১৯৬০ সালের ৫ জুলাই হায়দ্রাবাদের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রাকেশের। পরে তার বেড়ে ওঠা মুম্বাইয়ে। সিডেনহ্যাম কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার পরে রাকেশের পরবর্তী গন্তব্য ছিল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া।

কলেজে পড়ার সময়েই রাকেশের আগ্রহ ছিল স্টক মার্কেট নিয়ে। এই ধারা তিনি পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। তার বাবা ছিলেন আয়কর বিভাগের অধিকর্তা। আগ্রহী ছিলেন স্টক মার্কেট নিয়ে। অতঃপর, শেয়ার বাজারে বিনিয়োগের দৌলতেই তিনি হয়ে ওঠেন কিংবদন্তি। মাত্র ৬২ বছরেই থেমে গেল এমন এক ব্যক্তিত্বের যাত্রা।