অনুশীলনে সাকিব

বারবার বিতর্কে জড়িয়ে সাকিব আল হাসান থামেন না। চ্যাম্পিয়ন ক্রিকেটের এই মেজাজটাই গতকাল মিরপুরের অনুশীলনে ফুটে বেরুল। বেটউইনার-বিতর্ক পেছনে ফেলে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন তিনি। এশিয়া কাপ দলের দায়িত্ব পাওয়ার পর গতকাল এসেছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানেই ঘণ্টাখানেক ঘাম ঝরালেন। সতীর্থদের সঙ্গে খোশগল্পেও মেতেছেন।

মিরপুরে সাকিবকে ঘাম ঝরাতে দেখে কৌতূহলের বশে কেউ কেউ জিজ্ঞাস করছিলেন কতদিন পরে মাঠে ফিরলেন সাকিব? উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ছুটিতে গিয়েছিলেন তিনি। ৩ জুলাই উইন্ডিজ সফরের শেষ ম্যাচ খেলেন। এরপর টানা ৪০ দিন বিরতি কাটিয়ে গতকাল আবার অনুশীলনে ফিরলেন সাকিব। সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। তখন ছিল স্টেডিয়াম গেটে ভক্তদের ভিড়। সবাই প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার জন্য পাগল। কেউ এসেছেন স্রেফ একনজর দেখতে। এরপর অ্যাকাডেমি মাঠে ঢুকলেন। সেখানে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ খোশগল্প করলেন। এরপর ঠিক ১১টার দিকে মূল মাঠে প্রবেশ করেন তিনি। সেখানে একজন ট্রেনারকে নিয়ে আধাঘণ্টার মতো ফিটনেস অনুশীলন করেন। গরমে দরদরিয়ে ঘামছিলেন। যদিও শ্রাবণের শেষে শহরে একপশলা বৃষ্টি নেমেছিল। তাতে গরম কমাতে পারেনি। সেই গরমেই ফিটনেস অনুশীলন শেষে গায়ে পানি ছিটিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর ব্যাটিং অনুশীলনে নামেন। সেটাই আধ ঘণ্টা মতো চলার পর থেমেছেন তিনি। মিডিয়ার সঙ্গে কথা বলেননি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের জরুরি তলবে শনিবার তার বাসায় যান সাকিব। সেখানে আলোচনা শেষে তাকে খোশমেজাজে দেখা যায়। কিছুক্ষণ পরেই বিসিবির পক্ষ থেকে তার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা করা হয়। একই সঙ্গে তাকে টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়কও করা হয়। সেই দিনই ইনডোরে আসার কথা ছিল তার। সাকিব আসবেন বলে প্রস্তুতি নিয়ে রেখেছিল ইনডোরের কর্মীরাও। তবে শেষ পর্যন্ত তিনি পরিকল্পনা ভেস্তে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকের জন্য। সেই বৈঠক যে সম্পূর্ণ সফল হয়েছে তা বোঝা যায় বেটউইনার কা-ে বিতর্কে জড়ানোর পরেও তিরস্কৃত না হয়ে সাকিবের পুরস্কৃত হওয়া দেখে।