রাজধানীর গুলিস্তান হলমার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর সময় রড নিচে পড়ে অন্তত ১৫ পথচারী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
গতকাল সোমবার রাত ৮টার দিকে হলমার্কেট আজমেরী হোটেলের পাশার রাস্তায় এ ঘটনা ঘটে। ঢামেকে যাওয়া আহতরা হলেন জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গীর হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।
আহতরা জানান, গুলিস্তান হলমার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা। এ সময় ওপর থেকে অনেকগুলো রড তাদের ওপর পড়ে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. হাসান জানান, হলমার্কেটের ওপরে কাজ চলছে। রাতে ক্রেনের মাধ্যমে ওপরে রড তোলা হচ্ছিল। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে। এতে বেশ কয়েকজন পথচারী আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচজনের মাথায় ও শরীরে আঘাত আছে। জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চারজন বাসায় চলে গেছেন। আহত জাকির হোসেন এখনো অবজারভেশনে আছেন।