চকবাজারে আগুন: নিহতদের পরিবারকে ২ লাখ টাকা সহায়তা ঘোষণা

চকবাজারে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজারের কামালবাগের দেবিদাস ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটির সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এরপর বিকেল পৌনে ৪টায় আগুন লাগা ভবন থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ছয়জনের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। তারা হলেন মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২),  মো. শরিফ (১৫), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টায় চকবাজারের দেবিদাস ঘাট লেনে একটি রেস্টুরেস্ট আগুনের সূত্রপাত। ধারণা করা হয়, রেস্টুরে্টে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। একই ভবনের ওপর তলায় পলিথিন ও প্লাস্টিক কারখানা থাকায় মুহূর্তেই তীব্র আকার ধারণ করে আগুন।