বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। তাই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এই সরকারের পাশে জনগণ নেই। সরকার পদত্যাগ করে ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠনের দাবি জানান তিনি।
খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। যার কোনো ভিত্তি নেই।’
এ ছাড়া গুম-খুন নিয়ে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বিএনপির এই নেতা।