জন্মদিনে আইয়ুব বাচ্চুর প্রতি অন্যরকম ভালোবাসা

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম নক্ষত্র, গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি, ছিলেন উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট। বিরল প্রতিভাবান এই শিল্পী ছিলেন জনপ্রিয় ব্যান্ড এলআরবি প্রধান।

২০১৮ সালের ১৮ অক্টোবর বাংলা রক মিউজিকের আঙিনা ছেড়ে চিরবিদায় নেন তিনি। চলে যান না ফেরার দেশে। প্রায় তিন যুগের সঙ্গীত জীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। গানের পাশাপাশি গিটারের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন আইয়ুব বাচ্চু।

গুণী ও কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ আয়োজন করেছেন গিটারিস্ট হাসান আসাদ। তার মিউজিক লার্নিং স্কুল 'লার্ন গিটার উইথ আসাদ' এর পক্ষ থেকে লিজেন্ড আইয়ুব বাচ্চুর একটি গান সম্মিলিতভাবে কভার করা হয়েছে।

গানটি এলআরবির প্রথম গান। গানটি এই অর্থে প্রথম গান যে এটি এলআরবির প্রথম অ্যালবাম (ডাবল অ্যালবাম)-এর প্রথম গান। গানটির শিরোনাম 'একদিন ঘুম ভাঙা শহরে'। গানটির গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।

কভার সংটির পুরো অ্যারেঞ্জমেন্ট আসাদ নিজেই করেছেন। একটু কঠিনই ছিল কাজটা। তবে অতিথি মিউজিশিয়ান হিসেবে এনাম এলাহী টন্টি (ড্রামস) ও আদিল রহমান (বেস)-এর সংযুক্তির কারণে কাজটা সামান্য সহজ হয়। তবে বাচ্চাদের নিয়ে কাজ করা একটু কঠিনই ছিল বলে জানান হাসান আসাদ। সবাই মিলে একসাথে গানটি গেয়েছেন, বাজিয়েছেন। সব মিলিয়ে বিষয়টি উপভোগ্য ছিল বলেই জানান আসাদ।

কভার সংটির মিউজিক ভিডিও পরিচালনা করেন হাসান আসাদ ও তারিফুল তারিফ। সিনেমাটোগ্রাফার ছিলেন জয় আকাশ আর ভিডিওটি সম্পাদনা করেছেন আশফাকুর রহমান।

এ প্রসঙ্গে হাসান আসাদ বলেন, আমি চেষ্টা করেছি আমার সবচেয়ে সেরাটা দিতে। বাচ্চারাও চেষ্টা করেছে। বাচ্চু ভাইয়ের গত জন্মদিনে আমার স্কুলের পক্ষ থেকে আমরা 'চল বদলে যাই' করেছিলাম। এবারেরটা একটু কঠিন কেননা এই গানটি রীতিমতো হার্ডরক ঘরানার। এতে গিটারের অনেক কাজ আছে। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করতে। এখন শোতারা বলবেন, আমরা কতটা ভালো করতে পেরেছি। তবে আমরা করতে পেরেছি এ জন্য শুকরিয়া। সবশেষে যার গান, তার জন্য ভালোবাসা।

গানটির প্রশংসা করে গানটির গীতিকার, বাংলাদেশের অন্যতম শীর্ষ গীত রচয়িতা এবং গীতিকারদের সংগঠন গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী তার ফেসবুক পোস্টে কভারটি শেয়ার করে লেখেন, 'একদিন ঘুমভাঙা শহরে' এই গানের সাথে জড়িয়ে আছে 'সোলস' 'এল আর বি'। এই গানের সাথে জড়িয়ে আছে 'এল আর বি'র শুরুর ইতিহাস। এই গান অনেকেই কাভার করেছেন। তবে বাচ্চুর জন্মদিন উপলক্ষে কিছু তরুণ ও শিশুর গাওয়া গানটি আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ 'লার্ন গিটার উইথ আসাদ', ধন্যবাদ হাসান আসাদ। বাচ্চুর জন্য আবারো অনেক অনেক দোয়া।