আইজিপির যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে 'কাজ চলছে'

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নিউইয়র্কে অনুষ্ঠেয় পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক রয়েছে, চুক্তিও আছে। তার ওপর ভিত্তি করেই বেনজীরের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয় নিয়ে কাজ করছে সরকার।

মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পরই স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

এর আগে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে বেনজীর আহমেদসহ বাহিনীর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর।

এই অবস্থায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ মাসের শেষে পুলিশ প্রধানদের সম্মেলনে বেনজীর আহমেদ যোগ দিতে পারবেন কি না, সে বিষয়টি আলোচনায় এসেছে।

৮ আগস্ট ঢাকা সফররত মার্কিন আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন অবশ্য বলেছিলেন, কোনো রকম অসুবিধা না হলে নিউইয়র্কে অনুষ্ঠেয় পুলিশ প্রধানদের সম্মেলনে বেনজীর আহমেদ যোগ দিতে পারবেন।

পিটার হাসের সঙ্গে বৈঠকে বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গটি উঠেছে কি না, এ বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউএনএর (জাতিসংঘ) মধ্যকার সম্পর্ক রয়েছে, এগ্রিমেন্ট (চুক্তি) রয়েছে। তার ওপরে ভিত্তি করে সে বিষয়ে কাজ চলছে।’

মন্ত্রী বলেন, বৈঠকে আলোচনা প্রসঙ্গে নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, বর্তমান সময়ের মতোই থাকবে কি না সে বিষয়ে জানতে চান পিটার হাস। 

স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হাসকে জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন মূলত নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। এ সময় প্রধানমন্ত্রী তার কাজ করবেন এবং তারা নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু তাদের আত্মরক্ষার্থে গুলি চালান এবং সে গুলি চালানোর পরে প্রতিটি ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্ত করে। সে তদন্তের মধ্য দিয়ে যাচাই করা হয় ঘটনাটি সঠিক কি না। এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতে তাকে জিজ্ঞেস করেন, তাহলে এ তদন্ত রিপোর্ট কেন প্রকাশ করা হয় না? এর উত্তরে তিনি বলেছেন, যেগুলো জানানোর সেগুলো জানানো হয়।

পাশাপাশি, বরগুনায় গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষ এবং এরপর নেতা–কর্মীদের পুলিশের বেধড়ক পেটানোর ঘটনাকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।