রাজধানীর পুরান ঢাকার চকবাজারে চারতলা ভবনে আগুনের ঘটনায় গ্রেপ্তার বরিশাল হোটেল মালিক মো. ফখর উদ্দিনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই রাজীব কুমার সরকার আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে এই রিমান্ডের পক্ষে শুনানি করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার ভোরেই রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে, ১৫ আগস্ট চকবাজারের পলিথিন ও প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা ওই ভবনের নিচতলায় বরিশাল হোটেলের কর্মচারী।