মিত্রদের আধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকায় মস্কোর যেসব মিত্রদেশ রয়েছে, তারা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। এসব দেশকে যেকোনো সময় আধুনিক অস্ত্র দেওয়ার ব্যাপারে মস্কো প্রস্তুত। পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন, অস্ত্র রপ্তানি চাঙা করতেই এ কথা বলেছেন পুতিন। মস্কোর অদূরে রাশিয়ার অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী শুরু হয়েছে। নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে সক্ষমতা দেখানোর জন্যই এ প্রদর্শনীর আয়োজন করেছে মস্কো। গত সোমবার থেকে ওই প্রদর্শনী শুরু হয়েছে। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়ে বলেন, সমমনা দেশগুলোকে অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া। ‘আর্মি-২০২২’ শীর্ষক ওই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করে দেওয়া বক্তৃতায় পুতিন বলেন, ‘আমরা আমাদের মিত্রদের অত্যাধুনিক অস্ত্র দেওয়ার ব্যাপারে প্রস্তুত আছি। ছোট অস্ত্র থেকে সাঁজোয়া যান, আর্টিলারি, যুদ্ধবিমান ও সামরিক ড্রোন দিতে আগ্রহী।’