৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। যেখানে সাফের সদস্য ৭ দলেরই খেলার কথা ছিল। তবে ভারতকে ফিফা নিষিদ্ধ করায় পরিস্থিতি বদলে গেছে। আপাতত ভারত ছাড়াই এই প্রতিযোগিতা আয়োজনের ভাবনা দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের। আগে থেকেই আজ সভায় বসার কথা ছিল সাফের নির্বাহী কমিটির। মূলত আসন্ন দুটি আসরের প্রস্তুতি নিয়ে আলোচনাই ছিল মূল এজেন্ডা। এর মধ্যে ভারতের নিষেধাজ্ঞায় আলোচ্যসূচি বেড়েছে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ফিফার নিষেধাজ্ঞা থাকলে অতীতে অন্য দেশগুলোর সঙ্গে যা হয়েছে, এবারও তাই হবে। আপাতত ভারতকে বাদ দিয়েই আমাদের নারী সাফ ও ছেলেদের অনূর্ধ্ব-১৭ আসরের নতুন সূচি করতে হবে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
ভারত না থাকাকে বাড়তি সুযোগ হিসেবে দেখতে রাজি নন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘টুর্নামেন্টের আরও শক্তিশালী দল আছে। সুতরাং খুব খুশি হওয়ার কিছু নেই। ফাইনালে যেতে আমাদের চ্যালেঞ্জ নিতেই হবে।’ বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও ছিল মালদ্বীপ ও পাকিস্তান।