সারা দেশে সিরিজ বোমা হামলার বর্ষপূর্তিতে আজ বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের জেলা-মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সব নেতাকর্মীকে এ কর্মসূচি পালনের সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এরপর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।