রিফাত হত্যা মামলা: যাবজ্জীবনপ্রাপ্ত সব আসামি খালাস

বেসরকারি টেলিভিশন সম্প্রচারমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের ছোট ভাই নুরুল ইসলাম রিফাত হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

খালাসপ্রাপ্তরা হলেন- শামছু হাবিব বিদ্যুৎ, রুমান কার্জন, মানিক ও রাসেল কবীর।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে, ২০১৪ সালে এ মামলায় একবার রায় দিয়েছিলেন আপিল বিভাগ। সে সময়ের আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছিলেন। তবে আসামিপক্ষ রিভিউ করলে মামলাটি ফের আপিল শুনানির জন্য পাঠায় আপিল বিভাগ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৭ জানুয়ারি ইফতারের কথা বলে রিফাতকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন মহাখালীর জাহাদ হোটেলের পেছনে রেললাইনে মরদেহ পাওয়া যায় রিফাতের। এ ঘটনায় ১৮ জানুয়ারি তার আরেক ভাই মো.ইসমাইল হোসেন ক্যান্টনমেন্ট থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। পরের বছরের ৭ জানুয়ারি ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৭ সালের ২১ জুন বিচারিক আদালত ৮ জনকেই যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১০ সালের ১০ নভেম্বর হাইকোর্ট ৫ জনের সাজা বহাল রেখে তিনজনকে খালাস দেন।