‘চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী’

চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহান।

বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বক্তারা ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রাহিমের হত্যার দ্রুত বিচাররেরও দাবি জানান।

মানববন্ধনে কুদরত ই জাহান বলেন, চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। উন্নয়নের চাকায় চাপে পড়ে আজ ফ্লাইওভারের নিচে মানুষ মারা যায়। উন্নয়নের চাপায় জ্বালানি তেলের দাম ১৩৫ টাকা, উন্নয়নের চাপায় ডিম এখন ১৪ টাকা পিস। এদিকে একবিংশ শতাব্দীতে এসে আপনার আশপাশের মন্ত্রীরা খুঁজে বেড়ায় কে কাপড় পরেছে আর কে পরেনি।

তিনি আরও বলেন, জনগণের গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা দ্রুত ফিরিয়ে দিন। যত তাড়াতাড়ি এ বিষয়গুলো অনুভব করতে পারেন, ততই এদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে।

কর্মসূচিতে কলা অনুষদের ডিন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক বলেন, সূর্যের আলো যেখানে কাজ করছে না, সত্য যেখানে ভুলণ্ঠিত, বিদ্যুতের আলো যেখানে বিঘ্নিত, সেখানে হারিকেন তো ধরাতেই হবে। প্রত্যেকটি মানুষ আজ বাকরুদ্ধ। তেলের দাম বৃদ্ধি হয়েছে, গাড়ি বন্ধ হচ্ছে। তেলের দাম বৃদ্ধি হবার কারণে আমাদের হারিকেন ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রচীন বাংলার একটি উক্তি ছিলো, যদি কোনো মানুষ পথের দিশারি না পেত তবে কী হতো? তখন মুরব্বিরা বলতো হাতে হারিকেন ধরিয়ে দাও। ঠিক সেভাবেই বর্তমান সরকার এখন আমাদের হারিকেন ধরিয়ে দিচ্ছে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খানের সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান, ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক  ড. মো. ফরিদুল ইসলামসহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।