বগুড়ার সোনতলায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজনকে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সুজন সোনাতলার উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার (১৭ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, ২৫ জুলাই সুজনের ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এসময় ভিকটিমের কান্না ও চিৎকারের আওয়াজ শুনে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে সুজন অতি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যায়। দীর্ঘদিন যাবত ভয়ভীতি দেখিয়ে সুজন তাকে ধর্ষণ করে আসছিল বলে ওই গৃহবধূ জানিয়েছেন।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোনাতলা থানায় ৯ আগস্ট মামলা দায়ের করেন এবং বগুড়ার র্যাব ক্যাম্পে এসেও একটি অভিযোগ দেন।
অভিযোগের পর র্যাব অভিযুক্ত সুজনকে দ্রুত গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে র্যাবের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।