পুরান ঢাকার চকবাজারের দেবীদ্বারঘাটে প্লাস্টিক কারখানায় আগুনে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাত দেড়টা থেকে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহগুলো হস্তান্তরের কার্যক্রম চলে ৩টা পর্যন্ত। স্বজনদের দাবির মুখে ডিএনএ নমুনা না মিলিয়েই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ডিএনএ নমুনার বিষয়ে তিনি বলেন, ‘স্বজনরা লাশ শনাক্ত করেছে। এছাড়া আমরা ডিএনএ নমুনা সংগ্রহ করেছি। সেগুলো মিলিয়ে যদি কোনো অসংগতি ধরা পড়ে তাহলে পরে ব্যবস্থা নেব।’ মামলায় নতুন করে কেউ গ্রেপ্তার নেই বলেও জানান ওসি কাইয়ুম। গত সোমবার প্লাস্টিক কারখানার আগুনে ছয় হোটেল কর্মচারী নিহত হন। তারা সবাই আগুনের উৎস বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী।