বিয়েতে আসেননি সহকর্মীরা, ক্ষোভে চাকরি ছাড়লেন তরুণী!

চেয়েছিলেন অফিসের সহকর্মীদের নিয়ে ঘটা করে নিজের বিয়েটা উদ্‌যাপন করবেন। স্মৃতি হয়ে থাকবে খুশির দিনটি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তরুণীর।

নিমন্ত্রণ করার পরও প্রায় কেউ এলেন না বিয়ের অনুষ্ঠানে। শেষ পর্যন্ত অপমানে চাকরিই ছেড়ে দিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে চীনে।

দেশটির একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, ওই তরুণী প্রথমে ভেবেছিলেন অফিসের কেবল এক-তৃতীয়াংশ সহকর্মীকেই নিমন্ত্রণ জানাবেন বিয়েতে। কিন্তু পরে ভেবে দেখেন তেমন করলে বাকি সহকর্মীরা রুষ্ট হতে পারেন। সেই মতো অফিসের মোট ৭০ জনকে বিয়েতে আসতে বলেন তিনি। দেন উপহার ও আমন্ত্রণপত্রও।

বিয়ের দিন দেখা গেল, ৭০ জনের মধ্যে বিয়েতে হাজির হন কেবল একজন। বিয়েতে টেবিলভিত্তিক খাওয়া-দাওয়ার বন্দোবস্ত ছিল। প্রায় কেউ-ই না আসায়, ছয় টেবিলের খাবার ফেলে দিতে হয় বলেও জানান ওই তরুণী।

খাবার অপচয়ের পাশাপাশি, সহকর্মীদের এ হেন আচরণে আত্মীয়-পরিজনের সামনে মুখ পোড়ে কনের।

তিনি এতটাই ভেঙে পড়েন যে, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পরদিনই চাকরি ছেড়ে দেন তরুণী।