এ মাসের শেষেই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ। কোচরাও এখনও ছুটিতে। খেলোয়াড়রাও ব্যক্তিগতভাবে অনুশীলন করছিলেন। তবে টুর্নামেন্টের আগে টাইগারদের খন্ডকালিন কোনো ক্যাম্প নেই সেটা আগেই জানা ছিল। তাই দুবাই যাওয়ার আগে টাইগারদের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে বিসিবি।
জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০ ও ২২ আগস্ট শেরে বাংলায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার পরদিন ২৩ আগস্ট মঙ্গলবার জাতীয় দলের বহর আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।
মূলত ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে সফরে টানা অনুশীলন ও খেলার মধ্যে ছিলেন ক্রিকেটাররা। তারা যাতে এশিয়া কাপের মত বড় আসরের আগে একটু বিশ্রাম পান, সেই জন্যই এবার প্র্যাকটিস ক্যাম্প বাদ দেওয়া হয়েছে।
তবে দেশ ছাড়ার আগে সাকিব-মুশফিক-রিয়াদরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। এশিয়া কাপের আগে ম্যাচ পরিস্থিতিতে ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার জন্যই প্রস্তুতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেটাই জানিয়েছিলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।