ট্রাম্পের নামে মাঙ্কিপক্সের নাম রাখার প্রস্তাব!

মাঙ্কিপক্সের নাম বদল নিয়ে চাপ বাড়ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর। তাই তারা সেই দায়িত্ব ঘুরিয়ে দিয়েছিল জনগণের দিকে। মাঙ্কিপক্স ভাইরাসের নাম কী হওয়া উচিত, সে ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকেই পরামর্শ চেয়ে পাঠিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দপ্তরে যে সব নাম জমা পড়েছে তার মধ্যে একটি বেশ অভিনব। এক আবেদনকারী লিখেছেন, তিনি মাঙ্কিপক্স ভাইরাসের নাম রাখতে চান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে। ভাইরাসের নামের জন্য তার পরামর্শ ‘ট্রাম্প-২২’।

সম্প্রতি বিশ্বের বিজ্ঞানী মহল থেকে শুরু করে চিকিৎসক মহলও মাঙ্কিপক্সের নাম নিয়ে আপত্তি তুলেছিল। একযোগে তারা জানিয়েছিল ভাইরাসটির নাম অবিলম্বে বদলানো দরকার, কেন না এই নাম মানুষকে ভুল পথে চালিত করবে।

মাঙ্কিপক্স ভাইরাসের নামে একটি প্রাণীর নাম জড়িয়ে আছে, যারা আদতে এই ভাইরাস ছড়ায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারই জবাবে মাঙ্কিপক্সের সম্ভাব্য নামের পরামর্শ চান সাধারণ জনগণের কাছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যে সমস্ত নাম জমা পড়েছে, তার মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে এমপক্স। তবে ট্রাম্প-২২ এর মতো কিছু অদ্ভুত নামের প্রস্তাবও এসেছে তাদের কাছে।

ট্রাম্প ২২-এর সঙ্গে অবশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামের কোনও সম্পর্ক নেই। আসলে ট্রাম্প ২২-এর পুরো নাম ‘টক্সিক র‌্যাশ অফ আনরেকগনাইজড মিস্টেরিয়াস প্রোভেন্যান্স অব ২০২২’।

মাঙ্কিপক্সের ভাইরাসের জন্য এমন কী নাম বেছে নিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আশা করি হাস্যকর কোনও নাম দেওয়া হবে না ভাইরাসটিকে।