পোশাকের কারণে রণবীরকে থানায় যেতে হতে পারে, আগেই বলেছিলেন শাহরুখ

রণবীর সিংকে নিয়ে কথা উঠেছিল আগেও। তখনও নগ্ন ফটোশুটের মতো দুঃসাহসী পদক্ষেপ নেননি তিনি। করণের সঙ্গে কফির আড্ডায় শাহরুখ খান বলেছিলেন, 'রণবীর যদি কখনও গ্রেপ্তার হন তা হলে তা পোশাকের জন্যই। বহু পুরনো সেই ভিডিও ক্লিপ ভাইরাল হতে রণবীর-বিতর্ক উসকে উঠল ফের।

'কফি উইথ করণ’-এ সেবার অতিথি ছিলেন শাহরুখ খান। করণ জোহরের সঙ্গে র‍্যাপিড ফায়ার রাউন্ডে বাদশাকে বলতে শোনা যায়, 'পোশাক পরা বা না পরা দুটির মধ্যে যেকোনো একটি কারণে রণবীরকে থানায় যেতে হতে পারে।'

সে কথাই মিলে গেল অক্ষরে অক্ষরে। অশ্লীলতার দায়ে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নারী আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশ।

এক ফ্যাশন পত্রিকার জন্য নগ্ন হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফটোশুট করেন রণবীর। জুলাই মাসে এমন একগুচ্ছ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল তর্ক। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই আগামী ২২ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।

এই পরিস্থিতিতে শাহরুখের পুরনো ভিডিও সামনে আসায় আবারো আগুনে ঘি পড়ল। সূত্র : আনন্দবাজার