লোডশেডিং ও প্রচণ্ড গরমে ৮০০ ব্রয়লার মুরগির মৃত্যু

ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে পোলট্রি খামারে  ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক নজরুল ইসলাম পলাশ।

বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানায়, নজরুল ইসলাম পলাশ গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছে। গত দুই দিন বুধ ও বৃহস্পতিবার প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার ফোন দিয়ে কোনো সাড়া পাননি ওই খামার মালিক। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের। বেলা ৩টার দিকে মুরগিগুলো চোখের সামনে একে একে মারা যায়।

খামার মালিক নজরুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছেন। কিন্তু প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ে তার ৮০০ মুরগি মারা গেল। এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। সামনের দিকে খামারটি পরিচালনা নিয়ে চোখে ঘোর অন্ধকার দেখছেন।

এ ব্যাপারে সোনাগাজী পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে দশ কেভি ভোল্টেজে নেমে যায়। যার ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। 

খামারে মুরগির মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন।