বার্সা এবার শিরোপা জিতবেই

বার্সেলোনার আগের মৌসুমটি কেটেছে হতাশার। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর কোনো শিরোপাই ঘরে তুলতে পারেনি কাতালান ক্লাবটি। এবার বার্সেলোনার লিগে শুরুটাও হয়েছে পয়েন্ট হারিয়ে। গোলশূন্য ড্র করে রায়ো ভায়োকানের সঙ্গে। তবে সমর্থকদের আশার কথা শোনালেন রবার্ট লেভানডফস্কি। তার বিশ্বাস, চলতি মৌসুমে শিরোপা জিতবে বার্সেলোনা। লা লিগায় গত মৌসুমে একটা সময় বার্সেলোনার জন্য শীর্ষ চারে থাকা হয়ে উঠেছিল কঠিন। শেষ পর্যন্ত তারা মৌসুম শেষ করতে পারে দুইয়ে থেকে। তবে তাদের চেয়ে শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ছিল ১৩। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপেও সাফল্য পায়নি বার্সা। এমনকি ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে তারা। এরপর ইউরোপা লিগেও বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। তবে লেভানডফস্কি প্রতিশ্রুতি দেন এবারের মৌসুম হবে রোমাঞ্চকর ‘এটা এমন একটা মৌসুম হতে চলছে, যার শেষে বার্সেলোনার সমর্থকরা খুবই খুশি থাকবে। আমার মনে হয়, দীর্ঘ একটা সময় ট্রফি ছাড়া কেটেছে বার্সেলোনার। কিছু শিরোপা জেতার এখনই উপযুক্ত সময় এবং আমি নিশ্চিত আমরা সেটাই করব।’ ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত বাভারিয়ানদের হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করেন। তবুও কেন বার্সেলোনায় এলেন? কারণটা জানালেন লেভা, ‘আমি প্রথম যখন জানতে পারি বার্সেলোনা আমাকে নিতে আগ্রহী, শুরু থেকেই জানতাম এটা আমার এবং ক্লাবের জন্য উপযুক্ত সময়। আমি সারা জীবন একটি লিগে খেলতে চাইনি। বুন্দেসলিগায় ভালোই ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে, লা লিগাতে যোগ দেওয়া এবং ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নেওয়ার এটাই সঠিক সময়।’