একসময় অক্ষয় কুমার মানেই বক্স অফিসে ঝড়। এক শ কোটির ক্লাবে ছবিকে একাই পৌঁছে দিতেন। তবে সে গল্প এখন পুরনো। 'বেলবটম', 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ' এবং সম্প্রতি 'রক্ষা বন্ধন' ছবির বক্স অফিসের ফলাফল কিন্তু রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে অক্ষয় কুমারকে।
তবে অক্ষয় বদ্ধপরিকর, হিট ছবি তাকে দিতেই হবে। সে কারণেই, একের পর এক ছবি নিয়ে হাজির হচ্ছেন বলিউড খিলাড়ি। তবে এবার সিনেমার পর্দায় নয়, বরং ওটিটিতে নতুন ছবির খবর দিলেন অক্ষয়। প্রকাশ্যে এলো অক্ষয়ের 'কাঠপুতলি' ছবির টিজার।
'কাঠপুতলি' ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। সিরিয়াল কিলারকে ধরতে নানা অ্যাকশনে দেখা যাবে অক্ষয়কে। ছবিতে তার সঙ্গে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। ছবিটি ডিজনি-হটস্টারে মুক্তি পাবে ২ সেপ্টেম্বর।
অন্যদিকে, মাইনিং ইঞ্জিনিয়ার জসওয়ান্ত সিং গিলের জীবনের ওপর নির্ভর করে তৈরি হওয়া আরেকটি ছবির শুটিং করছেন অক্ষয়। ১৯৮৯ সালে এক কয়লাখনিতে আটকে থাকা ৬৫ জন শ্রমিককে উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০১৯ সালে প্রয়াত হন।
প্রসঙ্গত, বক্স অফিসে তেমন আর চলছে না অক্ষয় ম্যাজিক। নিন্দুকদের অভিযোগ, তিনি ছবিতে অভিনয় করলেও, শুধুই গেরুয়া রাজনীতির জয়জয়কার করেন। এমনকী, বলিউডে কান পটাতলে শোনা যায়, অক্ষয় নাকি রাজনীতিতে পা দিতে রীতিমতো প্রস্তুত।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অক্ষয়ের কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে তিনি স্পষ্ট জানান, আপাতত রাজনীতিতে নয়। সিনেমার কেরিয়ার নিয়ে ভালো আছি। সিনেমার মধ্যে দিয়েই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০টি ছবি প্রযোজনাও করেছি। আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস