ব্রাজিলের সঙ্গে স্থগিত হওয়া ম্যাচটি বাতিল হয়ে গেছে। তাই সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচি ফাঁকা। আর্জেন্টিনা ফুটবল দলের কোচিং স্টাফের পক্ষ থেকে তাই জানানো হয়েছিল দুইটি প্রীতি ম্যাচ খেলার কথা। আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেই দুই ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
যদিও এ দুই ম্যাচের জন্য কোনো শক্ত প্রতিপক্ষ পাচ্ছে না তারা। যে কারণে মায়ামিতে ২০ থেকে ২৩ তারিখের মধ্যে হন্ডুরাস ও নিউইয়র্কে ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে জ্যামাইকার বিপক্ষে খেলতে হবে তাদের। তবে এখনও চূড়ান্ত হয়নি এ দুই ম্যাচ।
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওলে দিয়ারিওর প্রতিবেদনে জানা গেছে এ দুই ম্যাচের কথা। উয়েফা নেশনস লিগের ম্যাচে ব্যস্ত থাকতে হবে বিধায় ইউরোপের বড় কোনো দলকে পাবে না আর্জেন্টিনা। তাই তুলনামূলক দুর্বল দুই দলের বিপক্ষে খেলবে তারা।
আর্জেন্টিনার ইচ্ছা ছিল কনকাকাফের কোনো দলের বিপক্ষে খেলার। সেক্ষেত্রে মেক্সিকো ও কানাডার কথা ভাবছিল তারা। কিন্তু কাতার বিশ্বকাপে মেক্সিকোর সঙ্গে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে সেপ্টেম্বরের বিরতিতে জাপান (২৩) ও উরুগুয়ের (২৭) বিপক্ষে খেলবে কানাডা।
তাই হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষেই খেলতে হবে আর্জেন্টিনাকে। নিজেদের শেষ ১৪ ম্যাচের একটিতেও জয় পায়নি হন্ডুরাস। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে দুই জয়ে ষষ্ঠ অবস্থানে থেকে শেষ করেছে জ্যামাইকা। বাছাইপর্বে তাদের দুইটি জয়ই এসেছে হন্ডুরাসের বিপক্ষে।