মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে আন্দোলনের হুমকি

উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধ এবং মহাসড়কে ঝুঁকিপূর্ণ থ্রি হুইলার চলাচল নিষিদ্ধের দুই দফা দাবি জানিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এ লক্ষ্যে ১১ সদস্যের একটি আন্দোলন বাস্তবায়ন কমিটি গঠন করেছেন তারা।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ডোমরাকান্দিতে ব্রাক লার্নিং সেন্টারের হলরুমে দিনব্যাপী এক সভা শেষে বিকেলে তারা সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ্ আলম মুকুল।

সভায় উপস্থিত বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বলেন, পদ্মা সেতু চালুর পরে নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও বিআরটিসি বাস চলাচল করছে। এতে পরিবহন মালিকদের এখন ব্যবসা গুটিয়ে নেওয়ার দশা। এ ছাড়া হাইকোর্ট থেকে চারবার নিষেধাজ্ঞা জারির পরও মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ হচ্ছে না। পরিবহন সেক্টরে একধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন, যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. বদরুজ্জামান, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার রাশেদ ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুল, মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি কামরুল হোসেন তুষু, ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপের সহ-সভাপতি শাহীন চৌধুরী, কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোকবুল হোসেন চৌধুরী লাবলু, মাগুরা জেলা বাস মালিক গ্রুপের সহ-সভাপতি কামরুজ্জামান মিলন, চুয়াডাঙ্গা জেলা বাস মালিক সমিতির সভাপতি এম জেনারেল ইসলাম, নড়াইল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মকতুল হোসেন, ঝিনাইদহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন, শরিয়তপুর জেলা বাস মালিক গ্রুপের সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন চুন্নু প্রমুখ।