সিলেটে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে গুরুতর আহত করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন যুবক শাহজাহান আহমদ (৩০)। আহত শাহজাহান আহমদ, তার স্ত্রী সুলতানা বেগম ফারজানা (২০) ও শাশুড়ি রোকসানা বেগমকে (৫০) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২ নম্বর সড়কের ২৩/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে ঘটনা তদন্ত ও হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই গ্রামের শাহজাহান আহমদ ১ আগস্ট বাদামবাগিচার ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস শুরু করেন। বাসায় স্ত্রী, দুই শিশুসন্তান ও শাশুড়িকে নিয়ে থাকেন। গতকাল সন্ধ্যায় শিশুদের কান্না শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন শাহজাহান তার স্ত্রী ও শাশুড়ির গলা কেটে ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি কুপিয়ে নিজের গলায়ও ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছেন। তিনজনই মাটিতে পড়ে ছটফট করছেন। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের দ্রুত ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির জানান, ওই বাসা থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।