শার্শার রুদ্রপুর সীমান্তে ১৭টি স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে ১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গতকাল শুক্রবার সকালে তাকে আটক করা হয়। আটক মোনতাজ পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘গোপন খবরে জানতে পারি শুক্রবার বেলা ১১টার দিকে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক স্বর্ণ পাচারকারী সীমান্তের রুদ্রপুর এলাকায় পাকা রাস্তার ওপর অবস্থান করছে। এ খবর পেয়ে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম।’

এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে প্রায় ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে। এ সময় ছয়জনকে আটক করে তারা।