বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে না, মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সরকার বলছে, আমরা ষড়যন্ত্র করছি। সরকারকে বিদায় দেওয়া ষড়যন্ত্র নয়, বর্তমানে দেশের জনগণের নৈতিক দায়িত্ব।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বাংলাদেশ : নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য’ শীর্ষক এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
‘ভারতকে বলেছি, আমাদেরকে সরকারে রাখতে।’ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন, ‘ভারত তাদের রাখবে কি না, এটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংশয় আছে। যাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর, সেই সম্পর্ক যদি স্বামী-স্ত্রীর হয়, সেখানে তালাকের সম্ভাবনা আছে কি না, যদি না থাকে, তাহলে পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের উক্তি কেন করেন? রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা রাষ্ট্রের কথা, রাজনীতির কথা, দেশের মান-সম্মানের কথাটুকু চিন্তা না করে, তারা যে ধরনের উক্তি করেন, তাতে একটা স্বাধীন দেশের নাগরিক দাবি করার আমাদের কোনো অবকাশ নাই।’
সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।