ঝালকাঠিতে এসির বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে স্বামী ফোরকান হাওলাদার (৪৫) ও স্ত্রী মাহিনুর বেগমের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফোরকান হাওলাদারের ছেলে মাইনুল ইসলাম (১৪), ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম (৩২) ও ভাইয়ের মেয়ে সারা মনিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জেনারেটরের সাহায্যে এসি চালিয়ে রাতে ছোট ভাই রুবেলের বাড়িতে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন ব্যবসায়ী ফোরকান হাওলাদার, তার স্ত্রী ও পবিবারের অন্য সদস্যরা। রুবেল ঢাকায় থাকে। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে রুবেলের বাড়িতে পরিবার নিয়ে থাকতো ফোরকান। রাতের কোন এক সময় এসি বিস্ফোরণ হয়ে বিষাক্ত গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। যে কারণে দম বন্ধ হয়ে ফোরকান ও তার স্ত্রী মৃত্যুবরণ করেন। যখন ঘরের মধ্যে প্রবেশ করি তখনও ঘরে বিষাক্ত গ্যাসের উপস্থিতি লক্ষ্য করেছি আমরা।
নিহত ফোরকান হাওলাদারের বড় ভাই সেলিম হাওলাদার কান্না জড়িত কণ্ঠে বলেন, সকালে ফজরের নামাজ পরে আমি ধান ক্ষেতে যাই। বেলা ১১টার দিকে ছোট ভাই আমাকে ফোন করে বলে তার ঘর বন্ধ। মেজো ভাইকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। আমি ক্ষেত থেকে সঙ্গে সঙ্গে চলে আসি। এর মধ্যে বাড়ির আশে পাশের লোকজনও বাড়ির সামনে জড়ো হয়। আমি আমার ছেলেকে ঘরের গ্লাস ভেঙে ভেতরের অবস্থা কি দেখতে বললে আমার ছেলে অন্যদের সহায়তায় ঘরের গ্লাস ভেঙে পাঁচজনকেই অচেতন অবস্থায় দেখতে পায়। পরে আমরা ঘরের কেচি গেটের তালা ও ঘরের দরজা ভেঙে সবাইকে উদ্ধার করি।
রুবেলের স্ত্রী মাহফুজা বেগম জানান, রাতে এসিতে কয়েকবার ছোট শব্দ হয় এবং জেনারেটর থেকে ধোঁয়া ও গ্যাসের গন্ধ পেয়ে রাতে ঘুম ভেঙে গেলে তিনি বিছানা থেকে উঠতে গিয়েও শরীর ক্লান্ত অনুভব করে উঠতে পারেননি। পরে শরীর নিস্তেজ হয়ে পড়ে।
মাহফুজা আরও জানান, কয়েক দিনের ঝড়ে বিদ্যুৎ না থাকায় গতকাল নতুন একটি পেট্রোলচালিত জেনারেটর কিনে আনা হয় এবং তা দিয়ে এসিসহ ঘরের সবকিছু চালানো হচ্ছিল।
এ ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফোরকান হাওলাদার ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।